বিজ্ঞাপনে এমএস রানা
এবার বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন অভিনেতা, নাট্যকার এমএস রানা। সম্প্রতি এমআইএস হোল্ডিংসের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সোহাগ বিশ্বাস। এতে রানার সহশিল্পী ছিলেন মিথিলা।
এ প্রসঙ্গে রানা গ্লিটজকে বলেন, “সোহাগ বিশ্বাসের উৎসাহ, গল্পভাবনা আর কর্মপরিকল্পনার ফসল হিসেবে চমৎকার একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ সম্ভব হয়েছে। এটাই কোনো বিজ্ঞাপনচিত্রে আমার প্রথম মডেল হওয়া। সেই অর্থে নতুন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে।”
রানা জানান, এ বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে মিরপুর ডিওএইচএস এবং ঢাকার ভিন্ন ভিন্ন কয়েকটি লোকেশনে। শিল্প নির্দেশনায় ছিলেন নাভিদ মাহফুজ। জিঙ্গেলের সংগীতায়োজন করেছেন লেলিন, কথা লিখেছেন সঞ্জু এবং কণ্ঠ দিয়েছেন বাপ্পি।
বিজ্ঞাপনচিত্রটি ২ নভেম্বর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।
