চলচ্চিত্রে আসছেন শিহাব শাহীন
টিভিপর্দার সফল নির্মাতা শিহাব শাহীন চলচ্চিত্রে ক্যারিয়ার গড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে সিনেমা নির্মাণের প্রস্তুতি শুরু করেছেন তিনি।
এ বিষয়ে শিহাব শাহীন গ্লিটজকে বলেন, “অনেকদিন ধরে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছি। দীর্ঘদিনের নাট্য পরিচালনার অভিজ্ঞতায় এবার সিনেপর্দায় কাজ করতে চাই। সিদ্ধান্ত নিয়েছি, চলচ্চিত্রেই ক্যারিয়ার গড়ব।”
শিহাব জানান, তিনি নিজেই এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তার ইউনিট এখন প্রস্তুত। যে কোনোদিন শুটিং শুরু হতে পারে। এখন বাধা, দেশের রাজনৈতিক পরিস্থিতি।
শিহাব আরও জানান, এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে নতুন মুখ দেখা যাবে।
সিনেমার ব্যস্ততায় টিভিপর্দাকে কি তবে বিদায় জানাচ্ছেন-- এ প্রশ্নের জবাবে শিহাব বলেন, “ছোটপর্দাকে বিদায় বলার কোনো প্রশ্নই ওঠে না। সিনেমার ফাঁকে ফুরসত পেলে নাটক ও টেলিফিল্ম নির্মাণ করব।”
এখন শিহাব পরিচালিত মেগা সিরিয়াল ‘ভালোবাসার চতুস্কোণ’ প্রচারিত হচ্ছে এনটিভিতে। মাছরাঙ্গায় প্রচারিত তার অপর মেগা সিরিয়ালের নাম ‘মুম্বাসা।’
