প্রকাশিত হবে মান্না দের শেষ গানগুলো
সদ্যপ্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দের গাওয়া এবং লেখা শেষ গানগুলো প্রকাশিত হবে খুব শীঘ্রই।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, গুরুতর অসুস্থ থাকার পরেও চলতি বছরের শুরুতে ছয়টি গান রেকর্ড করেছিলেন মান্না দে।
ঐ গানগুলো স্ত্রী সুলোচনাকে উৎসর্গ করেছিলেন মান্না দে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ২০১২ সালে মারা যান মান্না দের স্ত্রী। স্ত্রীকে নিজের জীবনের সেরা অনুপ্রেরণা মনে করতেন মান্না দে।
ছয়টি গানের মধ্যে চারটি গান নিজেই লিখেছিলেন মান্না দে। আর বাকি দুটি হল রবীন্দ্র সংগীত।
তবে আশা স্টুডিও কোম্পানির প্রধান মহুয়া লাহিড়ী জানিয়েছেন, গানগুলো নিজের গলায় গাওয়ার আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মান্না দে।
মিউজিক মিক্সার শান্তনু বসু চলতি বছরের এপ্রিলে ব্যাঙ্গালুরুতে মান্না দের বাড়িতে যান, সেখান থেকে তিনি গানগুলো নিয়ে আসেন এবং পরবর্তীতে ঐ শহরেই গানগুলো রেকর্ড করা শুরু হয়।
রবীন্দ্র সংগীত দুটো হল ‘তোমরা যা বল তাই বল’ এবং ‘আনন্দ তুমি স্বামী’,এই গান দুটো মান্না দে তার কাকা কৃষ্ণচন্দ্র দের সম্মানে গেয়েছিলেন।
