মিরান্ডা-অরল্যান্ডোর বিচ্ছেদ
ছয় বছর প্রেম এবং তিন বছর সংসারের পর এবার বিচ্ছেদের পথিক হলেন তারকা দম্পতি অরল্যান্ডো ব্লুম এবং মিরান্ডা কার।
অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা এবং ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডোর বিবাহিত জীবনে অনেকদিন ধরেই দেখা দিয়েছিল দূরত্ব আর তার ফলশ্রুতিতেই এই বিচ্ছেদ, এক সূত্রের মাধ্যমে জানিয়েছে ম্যাগাজিন ইউএস উইকলি।
সম্প্রতি অরল্যান্ডোর মুখপাত্র এই খবর নিশ্চিত করে ইউএস উইকলিকে বলেছেন, “একটি বিবৃতির মাধ্যমে নিজেদের যৌথ সিদ্ধান্তে গত কয়েক মাস ধরে আলাদা বসবাস করছেন অরল্যান্ডো ব্লুম এবং মিরান্ডা কার। এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর।”
ঐ বিবৃতিতে আরও জানানো হয়, আলাদাভাবে থাকার পরও তাদের একমাত্র ছেলের জন্য তারা সবসময়ই অভিভাবকের দায়িত্ব পালন করে যাবেন এবং একে অপরকে ভালোবাসবেন।
সম্প্রতি কসমোপলিটান ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন মিরান্ডা। তিনি ঐ সাক্ষাৎকারে নারীদের উদ্দেশ্যে বলেন, “পরিবারের সবকিছুর দায়িত্ব শুধুমাত্র নারীকে নিতে হবে এমন কোনো কথা নেই। পুরুষকেও কিছু করার সুযোগ দেওয়া উচিত।”
মিরান্ডা বলেন, “বাড়িতে এলে আমি আমার অফিসের মতো বস হিসেবে থাকি না। বরং সাধারণভাবে থাকার চেষ্টা করি।”
২০০৭ সাল থেকে প্রেম শুরু করেন ৩৬ বছর বয়সী অভিনেতা অরল্যান্ডো এবং ৩০ বছর বয়সী মডেল মিরান্ডা। এরপর ২০১০ সালে বিয়ে করেন তারা। ২০১১ সালে মিরান্ডা একটি ছেলের জন্ম দেন, তার নাম রাখা হয় ফ্লাইন ব্লুম।
