২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটের বিপরীতে আদিত্য

নির্মাতা অভিষেক কাপুরের রোমান্টিক সিনেমা ‘ফিতুর’-এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রয় কাপুর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 12:50 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ’ফিতুর’ সিনেমাটির প্রযোজনার দায়িত্ব নিয়েছে ডিজনি-ইউটিভি।

সম্প্রতি ডিজনি-ইউটিভি একটি বিবৃতিতে জানিয়েছে, “অভিষেক কাপুর চাইছিলেন তার প্রেমের সিনেমা ‘ফিতুর’-এর জন্য একটি নতুন ধরনের জুটিকে নিতে; আর আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আদিত্য রয় কাপুর এবং ক্যাটরিনা কাইফ এই সিনেমায় জুটি বাঁধবেন।”

প্রথমবারের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন আদিত্য। এর আগে তিনি অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘আশিকি টু’ সিনেমায়।

পরিচালক অভিষেক কাপুর বলেন, “একজন পরিচালক হিসেবে আমি সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করেছি। আর নিজের প্রতিভার জোরে আদিত্য রয় কাপুর আজ অনেক উপরে উঠে গেছেন। তাকে আমার সিনেমায় নিতে পেরে আমি আনন্দিত।”

চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেক্টেশনস’ উপন্যাসের সিনেমা সংস্করণ হবে এটি। এখানে আদিত্যকে ঐ উপন্যাসের চরিত্র ‘পিপ’ এবং ক্যাটকে ‘এসথেলা’-এর ভূমিকায় দেখা যাবে। তবে সিনেমায় নেতিবাচক চরিত্র ‘মিস হ্যাভিশাম’-এর ভূমিকায় কে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। প্রথমে ওই চরিত্রের জন্য শ্রীদেবীকে প্রস্তাব দেওয়া হলেও নেতিবাচক ভূমিকায় অভিনয় করবেন না বলে তা ফিরিয়ে দেন তিনি।

২০১৪ সালের মাঝামাঝি সময় শুটিং শুরু হবে সিনেমাটির।