শোকাহত বলিউড
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের বিনোদনজগতের বাসিন্দারা। ব্যাঙ্গালুরুর হাসপাতালে ৯৪ বছর বয়সে ২৪ অক্টোবর না ফেরার দেশে চলে যান মান্না দে।
২৩ অক্টোবর তার শ্বাসতন্ত্রের অসুস্থতা বেড়ে গেলে তাকে জরুরিভিত্তিতে আইসিইউতে ভর্তি করা হয়। কয়েকমাস ধরে কিডনি ডায়ালাইসিস করাচ্ছিলেন তিনি। দীর্ঘ অসুস্থতার পর তিনি বৃহস্পতিবার সকালে মৃত্যু বরণ করেন।
মিড-ডে জানায়, মান্না দের মৃত্যুতে শোকাহত বলিউড এবং সংগীত জগতের সকলে। তাদের অনেকে শোক প্রকাশের জন্য বেছে নিয়েছেন সোশাল নেটওয়ার্কিং সাইট টুইটার।
অমিতাভ বচ্চন টুইট করেন, “সংগীতজগতের শক্তিমান শিল্পী ছিলেন মান্না দে। তিনি চলে গেলেন না ফেরার দেশে, রেখে গেছেন অসংখ্য স্মৃতি। তার আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের জন্যও রইল সমবেদনা। আমি কাজে ছিলাম তবুও তার স্মরণে আমি নীরবতা পালন করেছি।”
মহেশ ভাটের টুইট, “মান্না দে চলে গেছেন। তবে তার গাওয়া গান অমর।”
মনোজ বাজপাইয়ের টুইট, “মান্না দে আর আমাদের মধ্যে নেই। অসাধারণ শিল্পী ছিলেন তিনি। তার পরিবারের জন্য রইল আমার সমবেদনা। তার গানগুলো আমাদের মধ্যে হাজার বছর বেঁচে থাকবে।”
সংগীত শিল্পী কৈলাশ খের পোস্ট করেন, “সংগীতজগতের কিংবদন্তি শিল্পী। তিনি সংগীতজগতের জন্য যা করেছেন, তার তুলনা হয় না। তার আত্মার শান্তি কামনা করছি।”
সুনিধি চৌহান টুইট করেন, “মান্না দের চলে যাওয়ার সংবাদটি অত্যন্ত কষ্টকর।”
মধুর ভান্ডারকার বলেন, “কিংবদন্তি সংগীত শিল্পী মান্না দে চলে গেলেন, তবে সকলের মনে বেঁচে থাকবেন তিনি।”
শাবানা আজমি বলেন, “ভিন্নধর্মী এক শিল্পী ছিলেন মান্না দে। ‘এই মেরি জোহরা জাবিন’, ‘দিল কা হাল শুনে দিলওয়ালা’ ইত্যাদি অমর গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন তিনি।”
অনুপম খের বলেন, “আমার দেখা কিংবদন্তি শিল্পীদের মধ্যে একজন হলেন মান্না দে। আমি সিমলায় সরাসরি তার গান শোনার সুযোগ পেয়েছি। তিনি খুবই অসাধারণ একজন মানুষ।”
পাওলি দাম বলেন, “কফি হাউজের আড্ডাটা আজ আর নেই। কিংবদন্তি শিল্পী চলে গেছেন।”
