২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামিনার ‘চলো বাঁচি’ প্রকাশিত

জুলফিকার রাসেলের কথায় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী’র একক অডিও অ্যালবাম ‘চলো বাঁচি’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে ২২ অক্টোবর সন্ধ্যায়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন গীতিকবি ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 05:21 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন-- নকীব খান, পিলু খান, রুপঙ্কর বাগচী, জয় সরকার ও রাঘব চট্টোপাধ্যায়। মেলোডি ধাঁচের অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। অ্যালবামটির উল্লেখযোগ্য গানগুলো হল ‘আচ্ছা’,  ‘চলো বাঁচি’, ‘আমায় বোঝে এমন মানুষ’, ‘এমনভাবে বোলো যেন’, ‘প্রশ্ন’, ‘কেন এত দূরে আছ’ ইত্যাদি।

এতে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, “সামিনা চৌধুরীর যে ধরনের উঁচুমানের শিল্পী আমরা তাকে সে ধরনের সম্মান দিতে পারিনি। আমাদের দেশের শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আমি সম্মান জানাচ্ছি। তিনি আমাদের আরও অনেক ভালো ভালো গান উপহার দেবেন বলে প্রত্যাশা করছি।”

অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী সামিনা চৌধুরী বলেন, “দীর্ঘদিন পর আমার এই একক অ্যালবামটি প্রকাশিত হয়েছে। আমি চেষ্টা করেছি ভালো কিছু করতে। আশা করি, শ্রোতাদের অ্যালবামের প্রতিটি গানই ভালো লাগবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) কাজী শাহেদ আহমেদ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সহ-সভাপতি মিসেস আমিনা আহমেদ, লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, গীতিকার কবির বকুল, সংগীত পরিচালক ইবরার টিপু, নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাসান আবিদুর রেজা জুয়েল।