সুপারম্যান ও ব্যাটম্যানের সঙ্গে ওয়ান্ডার ওম্যান
ম্যান অফ স্টিলের সিক্যুয়ালে সুপারম্যান এবং ব্যাটম্যানের সঙ্গে এবার দেখা যেতে পারে ডিসি কমিকস এর আরেক সুপারহিরো চরিত্র ওয়ান্ডার ওম্যানকে।
ভ্যারাইটি জানিয়েছে, ওয়ারনার ব্রাদার্সের ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট বিভাগের প্রধান গ্রেগ সিলভার ম্যান সম্প্রতি জানিয়েছেন, ওয়ান্ডার ওম্যানের চরিত্রটিকে এই সিনেমায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন তারা।
গ্রেগ বলেন, “অনেক বছর ধরেই আমরা ভাবছি আমাদের প্রিয় চরিত্রগুলোকে কীভাবে সবচেয়ে সুন্দর করে তুলে ধরা যায়। ওয়ান্ডার ওম্যান একটি চমৎকার চরিত্র। আমার মনে হয় এই সুযোগে বক্স অফিস সাফল্যের পাশাপাশি শক্তিশালী একজন নারী সুপারহিরোও পাব আমরা।”
তিনি আরও বলেন, “আমরা এই ব্যাপারে খুবই গুরুত্বের সঙ্গে আলোচনা করছি এবং চেষ্টা করছি প্রতিটি চরিত্র যেন কাহিনিকে আলাদা মোড় দিতে পারে। আমরা যা যা ভেবেছি সেগুলোই মানুষ ধারণা করছে।”
এর আগে ওয়ারনারের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন সুজিহারা বলেছিলেন, ওয়ান্ডার ওম্যানকে তারা বড়পর্দায় অথবা টিভিতে আনতে চান।
১৯৭৫ সালে এবং ১৯৭৯ সালে ছোটপর্দায় ওয়ান্ডার ওম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন লিন্ডা কার্টার। সম্প্রতি তাকে আরেকবার তলব করেছে ওয়ারনার কর্তৃপক্ষ। তবে অভিনয়ের জন্য নয়, নতুন ওয়ান্ডার ওম্যানের চরিত্রটি লিখতে পারবেন এমন একজন নারী চিত্রনাট্যকারের খোঁজ করার জন্য।
১৯৭৯ সালে লিন্ডার অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করার পর থেকে আর কখনও টিভি কিংবা সিনেমায় দেখা যায়নি ওয়ান্ডার ওম্যানকে।
