২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ সালে ‘দ্য মনুমেন্টস মেন’

চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও সম্প্রতি জর্জ ক্লুনি ঘোষণা দিয়েছেন ২০১৪ সালের শুরুতে মুক্তি পাবে তার সিনেমা ‘দ্য মনুমেন্টস মেন’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 03:00 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

২২ অক্টোবর মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস টাইমসকে ক্লুনি জানান, ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দ্য মনুমেন্টস মেন’। ম্যাট ডেমন, বিল মারে, জন গুডম্যান এবং কেট ব্ল্যানচেটের সঙ্গে সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন জর্জ ক্লুনি।

সনি পিকচারসের এক প্রতিনিধি এন্টারটেইনমেন্ট উইকলিকে খবরটি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের শুরুতে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। তবে এখনও ঠিক হয়নি মুক্তির তারিখ।

এদিকে এলএ টাইমসকে ক্লুনি বলেন, “আমাদের হাতে আসলে একদমই সময় ছিল না। আর তাই কাজ আরেকটু গুছিয়ে নিয়েই সিনেমা মুক্তি দেব আমরা।”

ক্লুনি আরও বলেন, “সিনেমার কোনো ইফেক্ট যদি সস্তা হয়, পুরো সিনেমাটিই সস্তা মনে হবে। এত কম সময়ের মধ্যে পুরো কাজটি শেষ করা আমাদের পক্ষে আসলেই সম্ভব নয়। আমরা সবসময়ই বলেছি, আমরা চাই সিনেমাটি হোক একটি নির্দোষ বাণিজ্যিক ধারার বিনোদন।”

এন্টারটেইনমেন্ট উইকলির খবর অনুযায়ী, সিনেমাটির সংগীতায়োজনের কাজ এখনও শেষ হয়নি। এই কারণে পিছিয়েছে মুক্তির তারিখ।