২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনমুনের হতাশা

টিভি অনুষ্ঠান ও লাইভ শো উপস্থাপনায় নাম কুড়ালেও নাটকে নিয়মিত নন অভিনেত্রী রোমানা মালিক মুনমুন। মুনমুনের মতে এর দায় নাট্যকার ও পরিচালকদের। তার ভাষ্য, নাট্যকার  ও নির্মাতারা তাকে ভেবে চরিত্র নির্মাণ করতে পারছেন না।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 06:58 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, “অধিকাংশ নাট্যকার ও নির্মাতারা আমার উপযোগী চরিত্র নির্মান করছেন না। যারা আসছে, তাদের চিত্রনাট্যের অবস্থা তথৈবচ। চিত্রনাট্যের এমনই বাজে অবস্থা। আমার সঙ্গে যায় না, এমন কোনো চরিত্র কেন করব আমি!”

মুনমুন আরও জানান, অভিনয়ে নিয়মিত না হওয়ার দায় তার নিজেরও। তিনি বলেন, “উপস্থাপনাকে এতই ভালোবেসে ফেলেছি, অভিনয়ে নিজের সেরাটুকু দিতে পারিনি আমি।”

উপস্থাপনা প্রসঙ্গে মুনমুন বলেন, “অভিনয় থেকে উপস্থাপনাতেই বেশি স্বাচ্ছন্দ্য আমি। উপস্থাপক হিসেবে সেই যে যাত্রা শুরু হল, সেই যাত্রা চলছে। দর্শকের ভালোবাসায় নির্মাতাদেরও আস্থা অর্জন করেছি।”

মুনমুনের অভিনয়ের শুরুটা ঢাকা থিয়েটার মঞ্চে। স্কুলবেলাতে মঞ্চ নাটকে অভিনয়ে বেশ নাম কুড়িয়েছিলেন তিনি। মঞ্চের প্রতি তার ভালোবাসা এখনও অটুট। তিনি জানান, পছন্দসই চরিত্র পেলে ফের মঞ্চে ফিরবেন।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে মুনমুনের সাফ জবাব, সিনেমায় অভিনয়ের জন্য নিজেকে এখনও তৈরি করতে পারেননি নিজেকে।

মুনমুন আরও জানান, খুব শীঘ্রই মিডিয়া স্টাডিজে উচ্চতর পড়াশোনার জন্য দেশের বাইরে যাবেন তিনি। ফিরে এসে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে যোগ দিতে চান তিনি।