বিয়ের নিয়ে তাড়া নেই প্রিয়াঙ্কার
বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, বিয়ে নিয়ে এখনও ভাবছেন না তিনি। পরিবারের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো চাপ দেওয়া হয় না তাকে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রিয়াঙ্কার ছোটভাইয়ের বাগদান। তবে তার নিজের বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে তার পরিবারের কোনো তাড়াহুড়ো নেই বলেই জানালেন ওই অভিনেত্রী।
এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, “বিয়ের সিদ্ধান্ত আমার ভাইয়ের ছিল এবং আমার পরিবার তা মেনে নিয়েছে। তবে আমার ক্ষেত্রে বিয়ের কোনো তাড়াহুড়া নেই আমার পরিবারের। আমার বাবাও কখনও বিয়ের জন্য চাপাচাপি করেননি আমাকে।”
তবে ১৮ বছরে পা দেওয়ার পরই নাকি মেয়ের বিয়ে দিতে চাইতেন প্রিয়াঙ্কার মা, এমনটাই জানালেন ‘দেশিগার্ল’-খ্যাত ওই অভিনেত্রী।
৩১ বছর বয়সী ওই প্রিয়াঙ্কা জানান, “আমার মা চাইতেন, আমি যেন বিয়ে করে নতুন জীবন শুরু করি। তবে এটা নিয়ে আমাকে কখনও চাপাচাপি করেননি তিনি। কারণ বরাবরই কাজের প্রতি ঝোঁক বেশি ছিল আমার। তবে এর মানে এই নয় যে আমি কখনও বিয়ে করব না।”
খুব শীঘ্রই মুক্তি পাবে প্রিয়াঙ্কা অভিনীত সুপারহিরো সিনেমা ‘ক্রিশ থ্রি’। প্রিয়াংকা জানান, তার বাস্তব জীবনের সুপারহিরো ছিলেন তার বাবা।
তিনি বলেন, “আমার জন্য আমার বাবাই ছিলেন সুপারহিরো। আমার জন্য তিনি সুপারহিরোদের মতো অনেক কাজই করেছেন। আর আমি ছিলাম আমার বাবার সবচেয়ে আদরের।”
রাকেশ রোশান পরিচালিত ‘ক্রিশ থ্রি’ সিনেমাটি মুক্তি পাবে ১ নভেম্বর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হৃত্বিক রোশান, কঙ্গনা রানৌত এবং বিবেক ওবেরয়।
