২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের উদারতা

বলিউডি অভিনেতা শাহরুখ খান এবার দায়িত্ব নিয়েছেন বালাজি ফিল্মসের লাইটম্যান মোহাম্মদ আজাজ শেখের পাঁচ বছর বয়সী মেয়ের লেখাপড়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 04:05 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

৩৮ বছর বয়সী আজাজ শেখ গত ১২ বছর ধরে শুটিং স্পটে লাইটম্যানের কাজ করছেন। অর্থের অভাবে স্কুলের ফি দিতে না পারায় কয়েক মাস আগে তার মেয়েকে স্কুল থেকে বের করে নিয়ে আসতে হয়। কিন্তু সম্প্রতি তার মেয়ের লেখাপড়ার খরচ দেওয়ার অঙ্গীকার করেছেন শাহরুখ।

আজাজের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে মুম্বাই মিরর জানিয়েছে, আজাজের স্ত্রী জরিনা সম্প্রতি একটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ পান। ১৯ অক্টোবর এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়, আর সেখানে শাহরুখের কাছে নিজের পরিবারের আর্থিক দুরাবস্থার কথা তুলে ধরেন জরিনা।

অনুষ্ঠান শেষে জরিনাকে মঞ্চের পেছনে দেখা করতে বলেন শাহরুখ। এরপর জরিনাকে তাদের সন্তানের লেখাপড়ার সব খরচ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় আজাজ বলেন, এই বিষয়ে জনসম্মুখে কথা বলতে লজ্জাবোধ করছিলেন তিনি।

আজাজ বলেন, “আমি ১২ বছর যাবত লাইটম্যানের কাজ করছি। আর বালাজি ফিল্মসে কাজ করছি এ বছরের শুরু থেকে। প্রথমে সবকিছু ভালোই ছিল। কিন্তু ধীরে ধীরে আমার অভাব অনটন অনেক বেড়ে যায়। আমার আরও অনেক ধরনের কাজ করতে হয়েছে অর্থের জন্য, নিজের মেয়ের পড়াশোনাও বন্ধ করতে হয়েছে।”

তিনি আরও বলেন, “শাহরুখ খানকে অনেক ধন্যবাদ। তার জন্য আমার মেয়ে নিশা এখন আবার স্কুলে যেতে পারবে।”

এদিকে শারীরিক অসুস্থতার কারণে আপাতত শুটিং বন্ধ করে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন শাহরুখ। জ্বর আক্রান্ত অবস্থায় টিভিতে নিজের সিনেমাগুলো দেখে সময় কাটাচ্ছেন তিনি।

এছাড়াও তিনি কাজ করছেন নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর। ফারাহ খানের পরিচালনায় এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়–কোন।