২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের কারণে সালমানের নির্ঘুম রাত

অভিনেতা হিসেবে শাহরুখ খানের জনপ্রিয়তার কারণে অনেকেরই রাতের ঘুম হারাম হয়েছে! তবে বাস্তব জীবনে আক্ষরিক অর্থেই প্রতিদ্বন্দ্বী সালমান খানের ঘুম হারাম করেছিলেন শাহরুখ!

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 03:57 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

১৯৯৫ সালের সিনেমা ‘করণ অর্জুন’-এর সেটে নাকি একবার সারারাত নাক ডেকে সালমানের নির্ঘুম রাতের কারণ হয়েছিলেন তিনি।

সম্প্রতি ‘বিগ বস’ অনুষ্ঠানে সালমানকে জিজ্ঞেস করা হয়েছিল, বিগ বস হাউজে রাতের বেলা ঘুমানোর সময় কে সবচাইতে বেশি নাক ডাকে। আর বিগ বস হাউজের প্রতিযোগীদের ব্যাপারে বলতে গিয়ে সহশিল্পি শাহরুখের এক গোপন সত্য ফাঁস করে দিলেন সালমান।

সালমান বলেন, “১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ সিনেমার শুটিংয়ের সময় এক রাতে শাহরুখের সঙ্গে আমি, সোহেল, বান্টি ওয়ালিয়া এবং আমাদের এক বন্ধু সুশিল এক রুমে শুয়েছিলাম। শোয়ার কিছুক্ষণ পরই শাহরুখ ঘুমিয়ে গেলেন এবং নাক ডাকতে শুরু করলেন। প্রথমে বিষয়টি আমাদের কাছে বেশ মজার মনে হল, আর আমরা হাসাহাসি করলাম।”

তিনি আরও বলেন, “কিন্তু রাত তিনটার দিকেও যখন শাহরুখের নাক ডাকা থামল না, তখন আমরা ভাবলাম কিছু একটা করতে হবে। তারপর আমরা আলতো করে ধাক্কা দিয়ে তাকে বিছানা থেকে ফেলে দিলাম। বিছানা থেকে পড়ে যেতেই তার ঘুম ভেঙে গেল আর আমরা বাকি রাতটা শান্তিতে ঘুমালাম!”