প্লেব্যাকে আগ্রহী প্রিয়াংকা
চলচ্চিত্রে যে কোনো নায়িকার জন্য প্লেব্যাক করতে চান প্রিয়াংকা। বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া পরপর দুটি মিউজিক ভিডিওর মধ্য দিয়ে সংগীতশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আর তাই সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্লেব্যাকের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, যে কোনো অভিনেত্রীর জন্যই প্লেব্যাক করতে রাজি আছেন প্রিয়াংকা। এ বিষয়ে প্রিয়াংকা বলেন, “আমি অন্য অভিনেত্রীর জন্য প্লেব্যাক করতে রাজি। আমার মনে হয় এটি খুবই মজার অভিজ্ঞতা হবে আমার জন্য। তবে আমার যদি গানটি পছন্দ হয় তবেই আমি গাইব।”
প্রিয়াংকাকে তার ভক্তরা খুব শীঘ্রই দেখতে পাবেন ‘কৃষ থ্রি’ সিনেমায়। প্রিয়াংকা বরাবরই বিভিন্ন ধরনের সিনেমায় কাজ করে আসছেন।
তিনি বলেন, “আমি ভিন্ন ভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করতে পছন্দ করি। কারণ আমি ঝুঁকি নিতে পছন্দ করি। আমি অন্য কাউকে অনুকরণ করতে চাই না। আমি নিজের পথ নিজেই বানাতে চাই। হয়তো হোঁচট খেতে পারি, তবে তারপরও আমি চেষ্টা করতে চাই।”
প্রিয়াংকা ‘ইন মাই সিটি’ এবং ‘এক্সোটিক’ নামে দুটি আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘এক্সোটিক’-এ তিনি আন্তর্জাতিক র্যাপার পিটবুলের সঙ্গে কাজ করেছেন।
