২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের চার সিনেমা

কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে চারটি সিনেমা। সিনেমা চারটি হল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’ এবং ‘ফুল অ্যান্ড ফাইনাল’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 09:56 AM

Updated : 13 Oct 2022, 03:00 PM

প্রযোজনা সংস্থা ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে সাফিউদ্দিন সাফির সিনেমা ‘ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’। রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছেন সংগীতশিল্পী চন্দন সিনহা।

এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও জয়া। এ জুটির প্রথম সিনেমা এটি। এতে খলচরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। আরও অভিনয় করেছেন রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা প্রমুখ।

চলচ্চিত্রটি একই সঙ্গে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস হলে ঈদের দিন থেকে চলবে।

সিনেমাটির গান লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। সম্প্রতি এ চলচ্চিত্রের গানগুলো নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেছে লেজার ভিশন।

সাদিয়া সোহান কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব নির্মাণ করেছেন ‘প্রেমিক নাম্বার ওয়ান’ সিনেমাটি। এর প্রযোজক আনোয়ার হোসেন মিন্টু। রোমান্টিক অ্যাকশনধর্মী এই সিনেমায় অভিনয় করছেন শাকিব খান, নিপুণ, কেয়া ও অপু বিশ্বাস। সিনেমার গানগুলোর সংগীতায়োজন করেছেন ইমন সাহা ও আলী আকরাম শুভ।

মালেক আফসারীর রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমা ‘ফুল অ্যান্ড ফাইনাল’। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ববি। এটি শাকিব-ববি জুটির প্রথম সিনেমা। হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন তাপসী ঠাকুর। এতে খলচরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।

নতুন নির্মাতা শাহ মোহাম্মদ সংগ্রাম নির্মাণ করেছেন ‘কি প্রেম দেখাইলা’ চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন আঁচল ও বাপ্পী। রোমান্টিক ধাঁচের এই চলচ্চিত্র ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় দীর্ঘদিন পর জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ববিতা ও আলীরাজ। পরিচালনার পাশাপাশি ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন শাহ মোহাম্মদ সংগ্রাম।