বেশি কাজে আগ্রহী নন ঈশিতা
চাকরি, উপস্থাপনা, নৃত্য, অভিনয়-- সব কাজই উপভোগ করেন রুমানা রশিদ ঈশিতা। তবে কাজের সংখ্যা বাড়ানোর বিষয়ে তিনি আগ্রহী নন। এমনকি সেটা ঈদ এলেও না।
ঈশিতা গ্লিটজকে জানান, এবারের ঈদে অভিনয়, নাচ, উপস্থাপনা এই তিন ধরনের অনুষ্ঠানে তাকে দেখা যাবে টিভিতে। চাকরিও চলছে ভালো। নতুন কোনো অনুষ্ঠান আপাতত আসছে না তার পরিচালনায়।
এ বিষয়ে ঈশিতা বলেন, “আমি এমনিতেই বেছে কাজ করি। কাজের সংখ্যার প্রতি আমার আগ্রহ নেই। আমার আগ্রহ কাজের মানের প্রতি। প্রস্তাব পছন্দ হলে এবং সময় বের করতে পারলে কাজ করি আমি।”
তিনি জানান, শহীদুজ্জামান সেলিম পরিচালিত ও অভিনীত ‘সে যে ডাকাতিয়া বাঁশি’ নামের সাত পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকটি লিখেছেন লিটু সাখাওয়াত। এতে ঈশিতার সঙ্গে আরও অভিনয় করেছেন পরিচালক নিজে এবং শর্মিলী আহমেদ, স্বাধীন খসরু, নাদিয়া আহমেদ প্রমুখ। ঈদের দিন থেকে সাত রাতে নাটকটি প্রচার করবে দেশ টিভি।
ঈশিতা আরও অভিনয় করেছেন অঞ্জন আইচের একটি নাটকে।
তাকে দেখা যাবে একক নৃত্যানুষ্ঠান ‘আমার সারাটা দিন’ এ। অনুষ্ঠানে তিনি পাঁচটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাতে।
এবারে ‘কিছু ছন্দ কিছু গান’ নামে একটি নৃত্যানুষ্ঠান উপস্থাপনা করবেন ঈশিতা। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইভা রহমান। ঈদের দিন রাতে অনুষ্ঠানটি প্রচার করবে এটিএন বাংলা। নৃত্য পরিবেশনা করেছেন নাদিয়া, লিখন, উপমা, রণবীর, শখ, জ্যোতি, আসাদ, শাওন, মিলন, ফরহাদ, সৌরভ, রূপমনি, বর্ণা, সুতপা, শতাব্দী প্রমুখ।
