‘হবেই ভালো থাকা’
টিভি অভিনেতা ফাইজুর মিল্টনের গানের অ্যালবাম ‘হবেই ভালো থাকা’ প্রকাশ হল সম্প্রতি। লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটিতে রয়েছে ১০টি গান।
এ বিষয়ে ফাইজুর গ্লিটজকে বলেন, “মেলোডি প্রধান গানই বেশি, সেমিক্ল্যাসিকালও রয়েছে। ছোট থেকেই ক্ল্যাসিকাল গান শিখছি। আমার গানে তার ছোঁয়া পাবেন শ্রোতারা।”
তিনি জানান, সবগুলো গানের সুর করার পাশাপাশি ‘বাংলাদেশ এবার জেগে ওঠো’ গানটি লিখেছেন শিল্পী নিজে। ‘সন্ধে এলে ডুবে যেতাম’ গানটিসহ ৪টি গান লিখেছেন শতাব্দী ভব, ‘সুন্দর এই জল বাতাসে’ নামের সুফিধারার একটি গান লিখেছেন রাসেল আশেকি এবং ‘আকাশ ফুটেছে চন্দ্র-তারায়’ গানটি লিখেছেন জাহিদ আহম্মেদ। অ্যালবামের টাইটেল ট্র্যাক লিখেছেন নার্গিস আলম।
