২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্টিন লুথার কিংয়ের বায়োপিক

হলিউডি নির্মাতা অলিভার স্টোনের পরিচালনায় এবার কিংবদন্তি মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংয়ের বায়োপিকে অভিনয় করবেন জেমি ফক্স।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 02:57 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

সংগীতশিল্পী রে চার্লসের ভূমিকায় অভিনয় করে অস্কার জয়ের পর এবার আরও একটি বায়োপিকে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হলেন জেমি। ড্রিমওয়ার্কস প্রযোজিত নতুন এই সিনেমায় মার্টিন লুথার কিংয়ের ভূমিকায় দেখা যাবে তাকে।

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, সিনেমার জন্য মার্টিন লুথার কিংয়ের পরিবারের সঙ্গে এরমধ্যেই যোগাযোগ করেছে ড্রিমওয়ার্কস। মার্টিনের কপিরাইট করা বক্তৃতাগুলো ব্যবহার করারও অনুমতি নিয়েছে তারা, যার মধ্যে রয়েছে ‘আই হ্যাভ এ ড্রিম’ শিরোনামের সেই ঐতিহাসিক বক্তৃতাটিও।

এদিকে বিগত কয়েক বছর ধরে মার্টিন লুথার কিংয়ের উপর আরেকটি বায়োপিক নির্মাণ করছেন নির্মাতা পল গ্রিনগ্রাস। ‘মেমফিস’ নামের এই বায়োপিকে দেখানো হবে মার্টিনের জীবনের শেষের দিনগুলো।

ডেডলাইন-এর খবর অনুযায়ী, ‘মেমফিস’ সিনেমাটির চিত্রনাট্যের সঙ্গে অলিভার স্টোনের নতুন সিনেমার খুব কমই পার্থক্য রয়েছে। অলিভারের সিনেমায় দেখানো হবে টেনিসি শহরের আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য প্রতিবাদী একটি দল গঠনে মার্টিনকে কতখানি কষ্ট করতে হয়। আর পলের সিনেমার কাহিনিতে মার্টিনকে একজন অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যাবে, যা নিয়ে এর মধ্যেই মার্টিনের পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে।

অলিভার স্টোনের সিনেমাটি প্রযোজনা করার জন্য দায়িত্ব নিয়েছে ড্রিমওয়ার্কস। সিনেমায় আর কে কে অভিনয় করবেন, তা চূড়ান্ত হয়নি এখনও।