২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের গুজব সামলালেন আলিয়া

বলিউডে যদিও তিনি নতুন, কিন্তু আলিয়া ভাট এরমধ্যেই শিখে গেছেন কীভাবে গুজব-গুঞ্জনকে সামলাতে হয়। সহঅভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের খবরকে সহজেই উড়িয়ে দিয়ে ওই অভিনেত্রী জানালেন, স্রেফ বন্ধু তারা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 08:41 AM

Updated : 25 Apr 2022, 07:22 PM

‘টু স্টেটস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং অর্জুন কাপুর; এরপর থেকেই শোনা যাচ্ছে দুজনের প্রেমের খবর। অর্জুনের বোন অনশুলার সঙ্গে আলিয়ার বন্ধুত্ব যেন এই গুঞ্জনের আগুনে আরও হাওয়া দিয়েছে। কিন্তু সম্প্রতি এক প্রভাবশালী গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আলিয়া জানান, অর্জুনের সঙ্গে প্রেম করছেন না তিনি।

আলিয়া বলেন, “অর্জুনের সঙ্গে আমি প্রেম করছি, এমন খবর এখনও শোনা যাচ্ছে। মজার ব্যাপার হল, সম্প্রতি আমি জানলাম অর্জুনের সঙ্গে নাকি আমার বিচ্ছেদ হয়েছে। এ ধরনের খবর সবসময় আসতে এবং যেতে থাকবে, এসব আমাকে মোটেও ভাবায় না। খবরটি সত্যি নয়। অর্জুন এবং আমি খুবই ভালো বন্ধু, তার সঙ্গে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে।”

ভবিষ্যতে কোনো অভিনেতাকে ডেট করবেন কি না, এ বিষয়ে আলিয়া বলেন, “আমি যদি কাউকে ভালোবাসি, তবে সেই মানুষটিকে ভালোবাসবো,তার পেশাকে নয়।”