শাহরুখ-অক্ষয়কে টপকে হৃত্বিক
‘কৃষ থ্রি’ দিয়ে বড় বাজেটের সিনেমার দিক থেকে শাহরুখ খানের ‘রা-ওয়ান’কে টপকে গিয়েছিলেন হৃত্বিক রোশান। এবার অক্ষয় কুমারকে টপকে বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘শুদ্ধি’ও চলে এল ওই অভিনেতার দখলে।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, কারান মালহোত্রা পরিচালিত সিনেমাটির বাজেট ধার্য হয়েছে ১৫০ কোটি রুপি। সিনেমাটিতে হৃত্বিকের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। সিনেমাটির বেশিরভাগ শুটিংই হবে ভুপালে।
সিনেমাটি নিয়ে এক সূত্র জানায়, নির্বাচনের আগে ভুপালে শুটিং করার অনুমতি পাননি কারান। তাই ডিসেম্বর মাসে সিনেমার শুটিং শুরু করবেন তারা। ভুপালে প্রায় ২০ থেকে ২৫ দিন শুটিং হবে।
পরিচালক কারান বলেন, “আমরা একটি ড্রামাধাঁচের সিনেমা নির্মাণের পরিকল্পনা করছি। সিনেমাটি অনেক বড় বাজেটের। প্রযোজনা প্রতিষ্ঠানের উপর সিনেমাটির বাজেট নির্ভর করছে।”
