শাকিব খানের ৪ সিনেমা
এবারের ঈদে একটি চ্যানেলেই শাকিব খান অভিনীত চারটি সিনেমা দেখানো হবে। সিনেমাগুলো হল সাফি ইকবাল পরিচালিত ‘ও সাথীরে’, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘বলো না কবুল’, পি এ কাজল পরিচালিত ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ এবং শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’।
‘বলো না কবুল’ ও ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ সিনেমায় তার নায়িকা শাবনূর, ‘ও সাথীরে’ সিনেমায় পূর্ণিমা এবং ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমায় অপু বিশ্বাস।
সিনেমাগুলো সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের সূত্রে জানা গেছে, এ চারটি ছাড়া ঈদে আরও প্রচারিত হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’, রাজু চৌধুরী পরিচালিত ‘আমার মা আমার অহংকার’ এবং এফ আই মানিক পরিচালিত ‘মায়ের মতো ভাবী’।
ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টায় প্রচারিত হবে সিনেমাগুলো।
