ফেরদৌসী রহমানের মুখোমুখি শাকিলা জাফর
ঈদের একটি টিভি অনুষ্ঠানে ফেরদৌসী রহমানের মুখোমুখি হয়েছেন শাকিলা জাফর। একটি টেলিভিশন চ্যানেলের প্রযোজনায় সম্প্রতি ‘যার ছায়া পড়েছে’ শিরোনামের অনুষ্ঠানে ফেরদৌসী রহমানের সাক্ষাৎকার নিয়েছেন শাকিলা।
অনুষ্ঠান সম্পর্কে শাকিলা জাফর বলেন, “জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী রহমানের সঙ্গে একমঞ্চে বসে কথা বলেছি। তার সাক্ষাৎকার নিতে পেরে ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।”
ফেরদৌসী রহমান বলেন, “এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভালো লেগেছে। এ ধরনের অনুষ্ঠান করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।”
আরিফ হোসেনের প্রযোজনায় ‘যার ছায়া পড়েছে’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ৪০ মিনিটে।
এ বিষয়ে আরিফ জানিয়েছেন, অনুষ্ঠানে আড্ডা দেওয়ার পাশাপাশি তারা কয়েকটি গান গেয়েছেন। অনুষ্ঠানে তারা বলেছেন তাদের সংগীতজীবনের নানা গল্প।
