নির্মাতা হতে চান ব্র্যাড
হলিউডি অভিনেতা ব্র্যাড পিট ক্যামেরার সামনে অভিনয় করার চেয়ে ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি পছন্দ করেন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, চলচ্চিত্র নির্মাণ করতে বেশি পছন্দ করেন পিট।
শোবিজ স্পাইয়ের বরাতে সংবাদমাধ্যমটিকে পিট বলেন, “ছোট ছোট বিষয়কে একত্রিত করে একটি সিনেমা নির্মাণই সৃজনশীলতা।”
পিট বলেন, “যতই বয়স বাড়ছে ততই অভিনয়ের চাইতে নির্মাণের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কারণ আমার মনে হয় ক্যামেরার পিছনে যারা আছেন তারাই মূলত সৃজনশীল কাজগুলো করেন।”
পিট পছন্দ করেন ৬০ এবং ৭০ দশকের সিনেমা দেখতে।
তিনি বলেন, “আমি ছোটবেলায় যে সিনেমাগুলো দেখেছি, সেগুলো এখনও রয়েছে আমার পছন্দের তালিকার শীর্ষে। ‘ওয়ান ফ্লাই ওভার দি কুকুস নেস্ট’ এবং ‘অল দি প্রেসিডেন্টস মেন’ এখনও আমার প্রিয় সিনেমা। ‘ডা. স্ট্রেঞ্জলাভ’ এখনও আমার মতে মজার একটি সিনেমা।”
