২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা আবেদনময় বেনেডিক্ট-এমা

‘ব্রেইনি ইজ দ্য নিউ সেক্সি’- টিভি সিরিজ ‘শার্লক’-এ আইরিন অ্যাডলারের এই সংলাপকে এবার  সত্যি করেই ছাড়লেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। হেনরি ক্যাভিল, টম হিডলস্টোনদের মতো ‘সুপারহিরো’ তারকাকে হারিয়ে এম্পায়ার ম্যাগাজিনের বিশ্বসেরা যৌনাবেদনময় অভিনেতার খেতাব অর্জন করেছেন ওই ব্রিটিশ অভিনেতা । এদিকে অভিনেত্রীদের মধ্যেও বিজয়ী হয়েছেন আরেক ব্রিটিশ- এমা ওয়াটসন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 05:23 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

‘ই! অনলাইন’ জানিয়েছে, সিনে ম্যাগাজিন ‘এম্পায়ার’-এর নতুন এই জরিপে গত বছরের বিজয়ী অভিনেতা রায়ান গসলিংকে হারিয়ে এবার শীর্ষস্থান অধিকার করেছেন বেনেডিক্ট। এ বছর রায়ানের অবস্থান হল চার নম্বরে; আর এক নম্বর স্থান পাবার জন্য যথাক্রমে ‘দ্যা অ্যাভেঞ্জার্স’-এর সুপাভিলেইন টম হিডলস্টোন এবং ‘ম্যান অফ স্টিল’-এর নতুন সুপারম্যান হেনরি ক্যাভিলের মতো অভিনেতাকে হারিয়েছেন বেনেডিক্ট। তবে টোয়াইলাইট ভক্তদের জন্য দুঃসংবাদ, তাদের প্রিয় ভ্যাম্পায়ার- ‘এডওয়ার্ড কালেন’ খ্যাত রবার্ট প্যাটিনসনের জায়গা তালিকার সেরা পাঁচে হয়নি। দুই সুপারহিরো ‘আয়রন ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়র এবং ‘থর’ ক্রিস হেমসওয়ার্থের পর, তার জায়গা হয়েছে তালিকার সাত নম্বরে।

সেরা আবেদনময় অভিনেতার খেতাব পেয়ে উচ্ছ¡সিত বেনেডিক্ট বলেন, “আসলে এ ধরনের বিষয় আপনার জীবনকে একটু হলেও রঙিন করে। এর ফলে একটু অহংকার করার সুযোগ পাওয়া যায়। ব্যাপারটা আসলে খুব মজার।”

এদিকে স্কারলেট জোহানসন, জেনিফার লরেন্স, ক্রিস্টেন স্টুয়ার্টের মতো হলিউডি সুন্দরীদের পেছনে ফেলে সেরা যৌনাবেদনময়ী  অভিনেত্রীর তালিকায় শীর্ষে উঠে এসেছেন এমা ওয়াটসন।

এম্পায়ার ম্যাগাজিনের সম্পাদক জেমস ডায়ার বলেন, “ব্রিটিশ শিল্পীদের জন্য এটা অবশ্যই একটি চমৎকার খবর। তবে একটি বিষয় এখন পরিষ্কার যে, সাধারণ ভক্তদের তুলনায় প্রিয় তারকাকে জয়ী করার ব্যাপারে অন্ধ ভক্তদের ভূমিকাই এখানে ছিল বেশি।”

চলতি বছর জুড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এমা এবং বেনেডিক্ট। ১৪ জুন মুক্তি পেয়েছে এমা অভিনীত সিনেমা ‘দ্য ব্লিং রিং’। আর এ বছরের শেষ দিকে মুক্তি পাবে বেনেডিক্টের ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’,‘অগাস্ট: অসাঞ্জ কাউন্টি’ এবং ‘দ্য ফিফথ স্টেট’ নামে তিনটি সিনেমা ।