উপস্থাপনায় রফিকুজ্জামান
বৈঠকি গানের অনুষ্ঠান ‘আবারও শুনতে ইচ্ছে করে’ উপস্থাপনা করছেন সিনিয়র গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। তার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রতি পর্বে দুজন শিল্পী গান পরিবেশন করবেন। গানের পাশাপাশি গাননির্ভর আলাপ-আলোচনাও করবেন তারা।
এ প্রসঙ্গে মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, “বাংলা সংগীতের রয়েছে বিশাল ভাণ্ডার ও ঐতিহ্য। শুদ্ধ সংগীতের সমঝদার থাকা সত্ত্বেও চ্যানেলগুলোতে এই ধরনের অনুষ্ঠান খুব বেশি দেখা যায় না। বৈঠকি আঙ্গিকে অনুষ্ঠানটি তৈরি হবে সেই সব গান নিয়ে যেসব গান আমাদের কানে অথবা মনে গেঁথে থাকে দীর্ঘদিন।”
অনুষ্ঠানে হারানো দিনের গান, জনপ্রিয় আধুনিক গান, অতুল প্রসাদ, রজনীকান্ত, ডি.এল রায়সহ পঞ্চকবির গান, বাউল আঙ্গিকের গান এবং বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের গান পরিবেশিত হবে। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন এই প্রজন্মের প্রতিভাবান শিল্পীরা।
অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩৫মিনিটে গাজীটিভিতে প্রচার হবে।
