মোহাম্মদ আলীকে নিয়ে বায়োপিক
‘লাইফ অফ পাই’-এর জন্য অস্কারজয়ী নির্মাতা অ্যাং লি এবার হাত দেবেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীকে নিয়ে একটি বায়োপিক নির্মাণের কাজে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ষাট এবং সত্তরের দশকে বক্সিং জগতের সব সেরা লড়াই তুলে ধরা হবে নতুন এই সিনেমায়। ইউনিভার্সাল পিকচারস প্রযোজিত এই সিনেমায় দেখানো হবে বক্সর জো ফ্রেজিয়ার এবং মোহাম্মদ আলীর মধ্যেরকার বিখ্যাত লড়াই ‘থ্রিলা ইন ম্যানিলা’।
ডেডলাইন জানিয়েছে, ‘লাইফ অফ পাই’-এর মতোই এবারের সিনেমাটিও থ্রিডি প্রযুক্তিতেই নির্মাণ করছেন লি। সিনেমার চিত্রনাট্য লিখবেন পিটার মরগ্যান। এছাড়াও এতে সহ প্রযোজক হিসেবে থাকবেন জেমস স্ক্যামাস এবং লি নিজে।
এদিকে যুক্তরাজ্যের পত্রিকা মেট্রোর খবর অনুযায়ী, সিনেমায় আরও দেখা যাবে জর্জ ফোরম্যান, সুগার রে ল্যানার্ড, মারভিন হ্যাগলার এবং টমি হার্নসের মতো বক্সারদের।
