২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই মুখ খুলবেন না অভিষেক

দীর্ঘদিন বিরতির পর আবারও বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন অভিষেক বচ্চন এবং তার স্ত্রী ঐশ্বরিয়া রায়। তবে ‘হ্যাপি অ্যানিভারসারি’ নামের নতুন এই সিনেমা নিয়ে এখনই কিছু বলতে নারাজ অভিষেক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 02:41 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

নির্মাতা প্রহলাদ কাক্কারের পরিচালনায় তৈরি হবে ‘হ্যাপি অ্যানিভারসারি’। সিনেমাটি প্রযোজনা করবেন গৌরাঙ্গ দোশী। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিষেক ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে জানান, “প্রহলাদ ঐশ্বরিয়ার খুবই পুরনো একজন বন্ধু আর আমি তাকে ওর মাধ্যমেই চিনি। আমরা এ বিষয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি। তবে সিনেমার চিত্রনাট্য আমরা এখনও পড়িনি। তাই এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।”

এদিকে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের দাম্পত্য জীবনের সাত বছর হতে চলল। তবে অভিষেক বলেন, ঐশ্বরিয়া কেন, কোনো মেয়েকেই খুশি করার জন্য কখনও শিস বাজাননি তিনি; বরং নিজের আবেগ এবং কথা দিয়েই ঐশ্বরিয়াকে মনের ভাব বুঝিয়েছেন।

এছাড়াও স্ত্রীর সম্পর্কে বলতে গিয়ে অভিষেক জানান, খুব ভালো রান্না করতে পারেন ঐশ্বরিয়া। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার তৈরিতে জুড়ি নেই তার।