২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল-ক্যাথরিনের পুনর্মিলন

সম্পর্ককে আরও একবার টিকিয়ে রাখার চেষ্টায় মিলিত হয়েছেন হলিউডি দম্পতি মাইকেল ডগলাস এবং ক্যাথরিন জেটা জোন্স।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 08:37 AM

Updated : 25 Apr 2022, 07:20 PM

কন্টাক্টমিউজিক জানিঢেছে, নিজের পারিবারিক বাড়িতে ফিরে গেছেন মাইকেল ডগলাস; স্ত্রীর সঙ্গে তার সম্পর্ককে নতুন একটি সুযোগ দেওয়ার কথাই এখন ভাবছেন তিনি।

অগাস্ট মাসে নিজেদের ১৩ বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে মিডিয়াতে হৈচৈ ফেলে দেন ক্যাথরিন। তবে তাদের ডিভোর্সের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তার স্বামী মাইকেল। স্ত্রীর সঙ্গে নিজের দূরত্বকে ‘সাময়িক’ বলেই তখন অভিহিত করেছিলেন তিনি।

আর এখন যুক্তরাজ্যের পত্রিকা ‘দ্য সান’ দাবি করেছে, নিউ ইয়র্কে অবস্থিত নিজের পারিবারিক বাড়িতে আবারও বসবাস শুরু করেছেন মাইকেল। যেখানে তাদের দুই সন্তান ডিলান এবং ক্যারিসের সঙ্গে থাকেন ক্যাথরিন।

এক সূত্রের বরাতে ‘সান’ পত্রিকা জানিয়েছে, ক্যাথরিনের কাছে নিজেদের সম্পর্ককে আরও একবার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মাইকেল, আর এতে রাজি হয়েছেন ক্যাথরিন। তাদের এই পুনর্মিলন শুধুমাত্র তাদের সন্তানদের জন্যই হচ্ছে না, তারা নিজেদের ইচ্ছাতেই পদক্ষেপটি নিয়েছেন।

এই ঘটনার পর ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বিয়ের আংটি দেখা গেছে ক্যাথরিনের আঙুলে, যা এতদিন ধরে পড়েননি তিনি।

‘নিউ ইয়র্ক ড্যান্স অ্যালিয়ান্স ফাউন্ডেশন গালা’ নামের এই অনুষ্ঠানে ক্যাথরিনকে ‘অ্যাম্বাসেডর অফ আর্টস’ পুরস্কারে ভূষিত করা হয়।

নিজেদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন মাইকেল-ক্যাথরিন। মাইকেলের কণ্ঠনালীর ক্যান্সার নিয়ে ওঠা বিতর্ক,আবার ক্যাথরিনের বায়োপলার ডিসঅর্ডারের কারণে নিজেদের দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হতে হয় এই দম্পতিকে।