নতুন ধারাবাহিক ‘রংতুলি’
একটি স্যাটেলাইট চ্যানেলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রংতুলি’। নজরুল ইসলামের রচনা ও ইলিয়াস খান তমালের পরিচালায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, লুৎফর রহমান জর্জ, মীর সাব্বির, তানিয়া আহম্মেদ, শামস সুমন, শারমিন শিলা, মম, সজল, মোনালিসা, অহনা, ফেরদৌসী লিনাসহ আরও অনেকে।
নাটকটি সম্পর্কে তমাল জানান, একটি একান্নবর্তী পরিবার এক সময় ভেঙে যায়। পুরনো বাড়িতে থেকে যায় পরিবারের ছোট বোনটি। মধ্যবয়স্ক বোনটি আগলে রেখেছে পুরো বাড়ি, যা পরিবারের দ্বিতীয় প্রজন্মের কাছে শুধুই ‘হাউজ’ নামে পরিচিত। কেউ কেউ নিজেদের আবাসস্থলে ঝগড়াঝাটি করে আসে এই বোনের কাছে। কেউ কেউ নিরিবিলিতে পড়াশোনার জন্য বেচে নেয় বাড়িটি। কেউ আসে নিরিবিলিতে শিল্পচর্চা করতে। মোটকথা, বাড়ির ফুফু ছাড়াও দু-চারজন সবসময়ই থাকে। যারা আসে তাদের একেকজনের কাণ্ডকীর্তিও একেক রকম। এ বাড়ির বাসিন্দাদের নানা কাণ্ড নিয়েই ধারাবাহিক নাটক ‘রংতুলি’।
নাটকটি সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।
