বেঙ্গল ফাউন্ডেশনে শাস্ত্রীয়সংগীত কর্মশালা
শাস্ত্রীয় সংগীতপ্রেমীদের জন্য বেঙ্গল ফাউন্ডেশনে আয়োজন করেছে তিন মাসব্যাপী ‘সংগীত অবয়ব’ শীর্ষক শাস্ত্রীয়সংগীতের এক কর্মশালা। সংগীতের এই বিশেষ ধারায় উৎসাহীদের জন্য কর্মশালাটি পরিচালিত হচ্ছে বিনামূল্যেই। শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন কলাকৌশল ও ইতিহাসের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আয়োজনটি শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
বেঙ্গল আর্ট গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী এ বিষয়ে গ্লিটজকে বলেন, “২০১২ সালে বেঙ্গল ফাউন্ডেশন প্রথমবারের মতো আয়োজন করে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১২। এতে তরুণদের উপস্থিতি আমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। তখন থেকেই আমাদের মনে হয়েছে, তরুণদের সংগীতের উপরে যে আগ্রহ ও জিজ্ঞাসা রয়েছে তা বিকশিত করা আমাদের কর্তব্য। সুপ্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশে যে সংগীতধারা রচিত হয়েছে, যাকে আমরা শাস্ত্রীয় বা উচ্চাঙ্গসংগীত বলে অভিহিত করি।”
সুবীর আরও জানান, ধানমণ্ডির বেঙ্গল ক্যাফেতে প্রতি বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে ৫টা ও শনিবার সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত চলছে এ কর্মশালা। কর্মশালার রূপরেখা নির্মাণ করেছেন রেজওয়ান আলী লাভলু। এতে উপমহাদেশের শাস্ত্রীয়সংগীতের ইতিহাস, ব্যাকরণ, বিজ্ঞান, রসতত্ত্ব ও দর্শন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ দিচ্ছেন রেজওয়ান আলী লাভলু, অসিত দে, মেঘনা আমেনসহ শাস্ত্রীয়সংগীত গুরুরা। শাস্ত্রীয় সংগীতে উৎসাহী যে কেউ কোনো ফি ছাড়াই এ কর্মশালায় অংশ নিতে পারবেন।
সুবীর চৌধুরী জানান, আগামী ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হবে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩’। চার দিনব্যাপী এই সংগীতযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে এরমধ্যে।
