পর্দায় অমৃতার অ্যাকশন
নবাগতা অমৃতা খান অভিনীত ‘গেইম’ সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে। রয়েল ও অনিক পরিচালিত থ্রিলার অ্যাকশনধর্মী এ সিনেমায় তিনি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন নিরব।
অমৃতা গ্লিটজকে বলেন, “গেইম সিনেমায় আমার অভিনীত চরিত্রের নামও অমৃতা। এ সিনেমায় অমৃতা বড়লোকের সরল মেয়ে। সে ভালোবাসে ইরফান খানকে। সে ঘুণাক্ষরেও জানতে পারে না ইরফান খান আসলে একজন ঠক। ভালো মানুষের আড়ালে সে শহরের মাফিয়া ডন। একদিন ইরফান বিয়ের মিথ্যা নাটক সাজায়। ইরফান অমৃতাকে বিক্রি করে দেয় শহরের আরেক ডন নিরবের কাছে। এরপর নানা জটিলতায় এগিয়ে যায় গল্প। এ সিনেমায় বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছি।”
অমৃতা আরও বলেন “এ সিনেমার অনেক দৃশ্য আমার বাস্তব জীবনে সঙ্গে মিলে যায়। অভিনয় করতে গিয়ে প্রায়ই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।”
অমৃতা আরও অভিনয় করছেন ‘অন্তরে অন্তরে’ সিনেমায়। নব্বই দশকে সালমান শাহ-মৌসুমী জুটির জনপ্রিয় এই ছবিটি রিমেক করছেন আতিক রহমান। এই সিনেমায় অমৃতা অভিনয় করছেন ঝিনুক চরিত্রে। অমৃতা জানালেন, এই সিনেমার দশ শতাংশ কাজ শেষ হয়েছে। এ সিনেমাতেও নায়ক নিরব।
বিজ্ঞাপন ইস্যুতে অমৃতা বলেন “বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেছি। সিনেমার ফাঁকে ফুরসত পেলে বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করব।”
