আবার শেখর-রেহমান
অস্কারজয়ী ভারতীয় মিউজিক কম্পোজার এ.আর. রেহমান আরও একবার কাজ করবেন পরিচালক শেখর কাপুরের সঙ্গে। শেখরের পরবর্তী সিনেমা ‘পানি’তে কাজ করার বিষয়ে দারুণ উচ্ছ্বসিত রেহমান। তিনি মনে করছেন, একটি ভালো উদ্দেশ্য নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, শেখরের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহী রেহমান। তিনি বলেন, “শেষ পর্যন্ত সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে। শেখর একজন চিন্তাশীল নির্মাতা; সিনেমা নির্মাণের ব্যাপারে তিনি রীতিমতো স্বপ্নদ্র্রষ্টা পুরুষ। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি মনে করি চলচ্চিত্র হিসেবে খুবই ভালো একটি উদ্দেশ্য নিয়ে ‘পানি’ নির্মিত হবে।”
‘পানি’ সিনেমায় ভবিষ্যতের যুদ্ধের বিষয় তুলে ধরা হবে। পানিকে কেন্দ্র করে যুদ্ধ সংঘঠিত হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো মানুষের তৃষ্ণাকে ব্যবহার করবেন অস্ত্র নিয়ন্ত্রণে। সিনেমাটি ভারতে এবং ভারতের বাইরে চিত্রায়িত হবে।
আদিত্য চোপড়া প্রযোজিত ওই সিনেমার শুটিং শুরু হবে ২০১৪ সালের মাঝামাঝি। এর আগে শেখরের সঙ্গে ২০০৭ সালে ‘এলিজাবেথ: দি গোল্ডেন এইজ’ সিনেমায় কাজ করেছিলেন রেহমান।
রেহমান এই মুহূর্তে তার পরবর্তী আন্তর্জাতিক সিনেমা নিয়েও দারুণ উচ্ছ্বসিত। ড্রিমওয়ার্কসের ওই অ্যানিমেশন সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হবে তার।
