প্রকাশিত হল ‘আমার বাংলাদেশ’
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘সবকিছু পেছনে ফেলে’ চলচ্চিত্রের ‘আমার বাংলাদেশ’ শীর্ষক গান প্রকাশিত হল শনিবার বিকালে। রেডিও স্বাধীন ও ইনকারশন অনলাইন স্টোরের জন্য প্রকাশনা উদ্বোধন করেন পরিচালক রাজিবুল হোসাইন ও সাকিব চৌধুরী।
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে উদ্দেশ্য করে গানটি প্রকাশ করা হয় বলে জানান পরিচালক রাজিব।
তিনি গ্লিটজকে বলেন, “আমার চলচ্চিত্রটি তারুণ্য নির্ভর এবং অ্যাডভেঞ্চার ধারার। তাই পর্যটন দিবসকে উদ্দেশ্য করে প্রথম গানটি সবাইকে উপহার দিলাম।”
চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ডের সাকিব চৌধুরী। গানটি তারই লেখা ও সুর করা। এর মাধ্যমেই সাকিব চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ শুরু করলেন।
সাকিব জানিয়েছেন, বন্ধু ও পরিচালক রাজীবের অনুরোধে শুরু করলেও এখন বেশ উপভোগ করছেন কাজটি। তিনি ভবিষ্যতে সংগীত পরিচালনায় আগ্রহী । পাশাপাশি ব্যান্ড ক্রিপটিক ফেইট-এর কাজও করে যাবেন নিয়মিত।
প্রকাশনা উপলক্ষে গানটি প্রথমবারের মতো লাইভ প্রচার করে রেডিও স্বাধীন। এফএম ফ্রিকোয়েন্সিতে গানটি নিয়মিত শোনাবে তারা। ইনকারশন মিউজিকের অনলাইন স্টোর থেকে গানটি ডাউনলোড করা যাবে বলে জানিয়েছেন পরিচালক রাজিব।
