এক মঞ্চে জুয়েল আইচ ও অপি করিম
জাদুশিল্পী জুয়েল আইচকে নিয়ে ঈদের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শিল্পী অপি করিম। ‘আমাদের জাদুকর’ শিরোনামের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
অনুষ্ঠান সম্পর্কে জুয়েল আইচ বলেন, “জাদুশিল্প সারাবিশ্বে জনপ্রিয়। এই অনুষ্ঠানে জাদুশিল্পের নানা বিষয় নিয়ে আলোচনা করেছি, বেশ ভালো লেগেছে। বাংলাভিশনকে ধন্যবাদ এ রকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।”
অপি করিম বলেন, “জীবন্ত কিংবদন্তি জুয়েল আইচের সঙ্গে একমঞ্চে বসে কথা বলেছি। তার সাক্ষাৎকার নিতে পেরে ভালো লেগেছে। তিনি কয়েকটি জাদু দেখিয়েছেন। জাদুগুলো দেখার পর আশ্চর্য হয়ে গেছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।”
অনুষ্ঠানটি সম্পর্কে সৌরভ বলেন, “এরই মধ্যে ‘আড্ডা ও জাদু’র সমন্বয়ে নির্মিত এই অনুষ্ঠানের ধারণ কাজ সম্পন্ন হয়েছে। জুয়েল আইচ কয়েকটি জাদু দেখানোর পাশাপাশি অনুষ্ঠানে কথা বলেছেন জাদুশিল্পের নানা অভিজ্ঞতা নিয়ে। আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।”
‘আমাদের জাদুকর’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদ-উল-আজহার তৃতীয় দিন রাত ৯টা ৪০ মিনিটে।
