২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লতাকে অমিতাভ এবং হেমার শুভেচ্ছা

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের ৮৪তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী হেমা মালিনী।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২৮ সেপ্টেম্বর ওই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে তাকে শুভকামনা জানিয়েছেন বলিউডি সেলিব্রিটিরা।

অমিতাভ বলেন, “আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ নেই যে লতাজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাইবেন না। আমি তার দীর্ঘায়ু কামনা করি। আমি চাই তিনি যেন চিরকাল আমাদের মধ্যে থাকেন। তাকে দেখে আমি জীবনে অনেক অনুপ্রাণিত হয়েছি।”

হেমা মালিনী বলেন, “লতাজির জন্মদিনে তার জন্য রইল আমার শুভকামনা। আশা করি তিনি যেন আরও অনেকদিন আমাদের জন্য গান গেয়ে যান। আমি ধন্য, কারণ তার গাওয়া গানে আমি ঠোঁট মেলানোর সুযোগ পেয়েছি।”

বিদ্যা বালান বলেন, “আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তার গান আমি আরও অনেকদিন শুনতে চাই।”

সংগীতশিল্পী মিকা সিং বলেন, “আমি লতা মুঙ্গেশকারকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুধু আমি নই, তাকে পুরো ভারতই শুভেচ্ছা জানাচ্ছে। তার গাওয়া গান শুনেই আমরা বড় হয়েছি। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।”

ভারতের নাইটিংগেল হিসেবে খ্যাত লতা মুঙ্গেশকার ১৯৪২ সালে ১৩ বছর বয়সে তার সংগীত জীবন শুরু করেন। তিনি দীর্ঘ ৭ দশক ধরে তার গায়কীর মাধ্যমে উপমহাদেশের সংগীতজগতে অবদান রেখে আসছেন।