২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেটালিকার ‘থ্রু দ্য নেভার’

হেভিমেটাল ব্যান্ড মেটালিকার সদস্যদের এবার দেখা যাবে নিজেদের কনসার্ট মুভি ‘থ্রু দ্য নেভার’-এ। থ্রিডি ওই মুভিতে বিভিন্ন কনসার্টে ভক্তদের সঙ্গে তাদের অভিজ্ঞতার পাশাপাশি একটি পরাবাস্তব কাহিনিকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ব্যান্ডটির সদস্য রব ট্রাজিলো।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 05:14 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

ব্যাং শোবিজকে এ ব্যাপারে বেইজিস্ট রব ট্রাজিলো বলেন, “সিনেমাটি আসলে মেটালিকার গানগুলোর পরাবাস্তব সফরের একটি চিত্রায়ন। এখানে দেখা যাবে, সিনেমার প্রধান চরিত্র ট্রিপ (ডেইন ডিহান) কাজ করেন একজন প্রডাকশন সহকারী হিসেবে, যিনি এখন কাজ করছেন তার সবচেয়ে প্রিয় ব্যান্ড মেটালিকার সঙ্গে।”

রব আরও বলেন, “অতীতে আমরা অবশ্যই অসাধারণ সব ব্যান্ডের গানের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি। ‘দ্য সং রিমেইনস দ্য সেইম’, পিঙ্ক ফ্লয়েডের ‘দ্য ওয়াল’-- এসব থেকেই অনুপ্রাণিত হয়েছি আমরা। তবে আমাদের এই সিনেমা একবারেই আলাদা। কারণ এখানে কোনো সংলাপ থাকছে না। মেটালিকার গানগুলোই এখানে সংলাপের কাজ করবে।”

রব আরও জানান, অনেকদিন ধরে এমন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা ছিল তাদের। তবে বিভিন্ন সমস্যার কারণে সিনেমাটি নিয়ে এগোনোর সুযোগ পাননি তারা।

রব বলেন, “২০ বছর ধরেই সিনেমাটি করার ইচ্ছা ছিল ; কিন্তু তখন এ রকম কোনোকিছু করার মতো আর্থিক সঙ্গতি ছিল না আমাদের। আমাদের আগের সব ওয়ার্ল্ডট্যুর, কনসার্ট সবকিছুকে একফ্রেমে নিয়ে আসার ব্যাপার ছিল এখানে। সেটার জন্য দরকার ছিল বিশাল ইনডোর সেটের। এখন আমরা সেটা করতে পেরেছি, আর তাই সিনেমাটি আলোর মুখ দেখবে বলে আশা করছি আমরা।”