উডি অ্যালেনের অনিহা
হলিউডি পরিচালক উডি অ্যালেন ব্লক বাস্টার হিট সিনেমা দেখতে খুব একটা আগ্রহ বোধ করেন না। কারণ তিনি মনে করেন, ব্লকবাস্টার হিট সিনেমার মধ্যে ছেলেমানুষীই বেশি থাকে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ‘মিডনাইট ইন প্যারিস’ সিনেমার পরিচালক বক্স অফিসে আলোড়ন জাগানো কোনো সিনেমার সঙ্গে নিজেকে জড়াতে নারাজ। কারণ তিনি মনে করেন, শুধু আর্থিক উদ্দেশ্য নিয়েই নির্মিত হয় সিনেমাগুলো; তাই এর মধ্যে শৈল্পিক কোনো বৈশিষ্ট্য থাকে না।
কন্টাক্টমিউজিকের বরাতে মাধ্যমটি জানায়, একটি ভালো সিনেমা বৈশিষ্ট্যের বিষয়ে উডি বলেন, “মাঝারি মানসম্পন্ন সিনেমাগুলোতে গতানুগতিক কাহিনিই বেশি তুলে ধরা হয়। লাভের কথা চিন্তা করে সিনেমা নির্মাণ, এ বিষয়টি আমার কাজের ধারার মধ্যে পড়ে না। সিনেমাগুলো আমার কাছে খামখেয়ালিভাবে নির্মিত বলে মনে হয়। তাই সিনেমাগুলো এড়িয়ে যাই আমি।”
৭৭ বছর বয়সী ওই পরিচালক আরও বলেন, “মাঝেমধ্যে এই বিষয় চিন্তা করে হতাশায় ভুগি আমি। তবে এটি সত্যি যে অনেক বাস্তববুদ্ধি সম্পন্ন দর্শক রয়েছেন এখনও। যারা বক্স অফিসে জনপ্রিয়তার মাত্রা দেখে সিনেমা দেখেন না।”
