নার্গিস-মধুবালা স্মরণে আনুশকা ও পরিনীতি
প্রয়াত নির্মাতা ইয়াশ চোপড়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ফ্যাশন শোতে পুরনো দিনের অভিনেত্রী নার্গিস এবং মধুবালা স্মরণে র্যাম্পে হেঁটেছেন বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মা এবং পরিনীতি চোপড়া।
ইয়াশ রাজ ফিল্মসের স্টুডিওতে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই শোতে র্যাম্পে আরও দেখা গেছে অনেক জনপ্রিয় অভিনেত্রীকে, যাদের প্রত্যেকেই কোনো না কোনো সময়ে ইয়াশ চোপড়ার সঙ্গে কাজ করেছেন। এদের মধ্যে ছিলেন রেখা, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, রানি মুখার্জি, জুহি চাওলা, প্রীতি জিনতা, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রী।
ফ্যাশন শোটির একটি বিশেষ থিম অনুযায়ী কয়েকটি বিখ্যাত বলিউডি গানের সঙ্গে র্যাম্পে হাঁটেন ওই সাত অভিনেত্রী। এরপর নার্গিস ও মধুবালার স্মরণে তাদের মতো বেশভূষায় র্যাম্পে হাঁটেন আনুশকা এবং পরিনীতি।
এ বিষয়ে পরিনীতি বলেন, “এখানে উপস্থিত সকল অভিনেত্রীর মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে, তা হল আমরা সবাই ইয়াশ চোপড়ার সিনেমায় অভিনয় করেছি। আমি হয়তো বা ওভাবে কাজ করতে পারিনি। কিন্তু একটি লম্বা সময়জুড়ে আমি তার সঙ্গে সময় কাটিয়েছি। আমি যখনই এই স্টুডিওতে আসতাম, তার সঙ্গে প্রায় প্রত্যেকদিন দেখা করতাম। একসঙ্গে দুপুরের খাবারও খেতাম আমরা।”
এরপর অভিনেত্রীদের সঙ্গে র্যাম্পে যোগ দেন অভিনেতা শাহরুখ খান। তিনি বলেন, “আমি খুবই আনন্দিত কারণ আমি তার সঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করতে পেরেছি। আমি তার সঙ্গে অনেক সময় কাটাতে পেরেছি এবং তার শেষ জন্মদিনে তার সাক্ষাতকারও নিয়েছি। তিনি সবসময় নারীর অন্তর্নিহিত সৌন্দর্যকে দেখতে পেতেন এবং তা খুবই নিপুণভাবে উপস্থাপন করতেন।”
প্রয়াত স্বামী ইয়াশ চোপড়ার জন্মদিনে এই ফ্যাশন শোর আয়োজন করেন স্ত্রী পামেলা চোপড়া। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি উদ্বোধন করেন ভারতের প্রথম বলিউডি ফ্যাশন ব্র্যান্ড ‘দিভা নি’, যেখানে পাওয়া যাবে সব ধরনের বলিউডি ধাঁচের পোশাক।
অভিনেত্রীদের পরনে মূলত ভারতীয় ধাঁচের পোশাক দেখা যায় এই ফ্যাশন শোতে, যেগুলো ডিজাইন করেছেন পরিণীতা সলুজা এবং অঞ্জলি ডোগরে।
