‘লেডি জেমস বন্ড’ বিদ্যা
‘ববি জাসুস’ সিনেমায় বিদ্যা বালানের চরিত্রটি অনেকটা লেডি জেমস বন্ডের মতো হবে বলে নিজেই মন্তব্য করলেন তিনি। এ রকম এক ‘লেডি জেমস বন্ড’-এর ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উত্তেজিত ওই বলিউডি অভিনেত্রী।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এ ব্যাপারে বিদ্যা বলেন, “আমি দারুণ উত্তেজিত ‘লেডি জেমস বন্ড’ হতে পেরে। এই সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমায় প্রথম কোনো নারী গোয়েন্দার আবির্ভাব ঘটবে। আমি খুবই খুশি এর অংশ হতে পেরে। জেমস বন্ড যে রকম তার কোড ‘০০৭’ আর তার বন্দুকের কারণে বিখ্যাত, এই সিনেমায়ও আমরা সে রকম ভিন্ন এবং অভিনব কিছু উপাদান রাখার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, ‘নারী গোয়েন্দা চরিত্র- এই ধারণাটা দারুণ। আর আপনাদের জন্য আমিই হতে যাচ্ছি সেই নারী গোয়েন্দা।”
২০১৪-তে মুক্তির জন্য নির্ধারিত হওয়া ‘ববি জাসুস’ সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বরের মাঝামাঝিতে। বর্ন ফ্রি এন্টারটেনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন অভিনেত্রী দিয়া মির্জা।
