ফিরছেন ন্যান্সি
দীর্ঘ বিরতির পর আবার গানের ভুবনে ফিরছেন নাজমুন মুনিরা ন্যান্সি। ‘ঝগড়ার গান’ শিরোনামের দ্বৈত অ্যালবামে তিনি জুটি বেঁধেছেন আসিফ আকবরের সঙ্গে। বারোটি ভিন্ন স্বাদের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
১০ অক্টোবর অ্যালবামটি প্রকাশিত হবে।
ন্যান্সি বলেন, “আসিফের সঙ্গে এই প্রথমবারের মতো গান করছি। তার সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। গান নিয়ে অনেক ভাবনা শেয়ার করেছি।”
অ্যালবামের নাম প্রসঙ্গে ন্যান্সি বলেন, “শ্রোতাদের বিনোদনের কথা ভেবে অ্যালবামের নামে ভিন্নতা আনা হয়েছে।”
ন্যান্সি আরও জানান, বারোটি গানের এ অ্যালবামে থাকছে দশটি মৌলিক গান। গানগুলো লিখেছেন বাকীউল আলম, কবির বকুল, প্রদীপ সাহা, রাজীব আহমেদ ও রবিউল ইসলাম জীবন।
সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল, সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু। এ অ্যালবামে থাকছে সলিল চৌধুরীর সুরে হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া ‘আয় খুকু আয়’ ও হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’ গান দুটি। গান দুটির নতুন সংগীতায়োজন করা হয়েছে।
আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হবে। এরপর শ্রোতাপ্রিয়তা বিচারে মালয়েশিয়ায় মুক্তি পাবে এ অ্যালবাম।
কোরবানি ঈদের পর শাহিন সুমন পরিচালিত একটি সিনেমায় গাইবেন ন্যান্সি। গানটির সংগীত পরিচালনা করবেন মুশফিক লিটু।
অ্যালবামের কাজ শেষে ন্যান্সি এখন ময়মনসিংহে। স্বামী-মেয়ে নিয়ে ব্যস্ত দিনলিপির ফাঁকে গানের চর্চা করেন। বিভিন্ন স্টেজ শো, লাইভ শোতেও পারফর্ম করছেন তিনি।
