২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তন্ময় এখন চলচ্চিত্র পরিচালক

ভাইকিংস ব্যান্ডের ভোকাল তন্ময় তানসেন দুটি চলচ্চিত্র নির্মাণ করছেন। ‘রান আউট’ ও ‘পদ্ম পাতার জল’ শিরোনামে এই দুটি চলচ্চিত্রের অর্ধেক শুটিং শেষ করেছেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 05:21 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

এ প্রসঙ্গে তন্ময় গ্লিটজকে বলেন, “রান আউট একটি অ্যাকশন থ্রিলারধর্মী ছবি। এই ছবির নায়ক কিশোর ঘটনাচক্রে জড়িয়ে পড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে। তার ভালোবাসার মানুষ জেন্ট। তাদের গল্প নিয়ে এগিয়ে যায় রান আউট। কিশোর ও জেন্ট চরিত্র দুটি রূপায়ন করেছেন সজল ও মৌসুমি নাগ। চলচ্চিত্রটির গল্প লিখেছেন রফিকুল ইসলাম পল্টু আর প্রযোজনা করছেন সাদাত মাহমুদ তানভির।

পদ্ম পাতার জল চলচ্চিত্রটি ঔপনিবেশিক শাসনামলের গল্প। সম্ভ্রান্ত পরিবারের ছেলে প্রেমে পড়ে এক বাইজির। তাদের সম্পর্কের নানা টানাপড়েনের গল্পে শেষ দৃশ্যে থাকছে দারুণ চমক। এই ছবিতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, ইমন ও অমিত হাসান। গল্প লিখেছেন লতিফুল ইসলাম শিবলি ও প্রযোজনা করছে ট্রাইপড স্টুডিও।”

তিনি আরও জানান, চট্টগ্রামের এক তরুণের গল্প নিয়ে রান আউট নির্মিত হচ্ছে। এর অধিকাংশ শুটিং হয়েছে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে। এখন আপাতত বন্ধ থাকলেও ২০ অক্টোবর থেকে আবার শুরু হবে শুটিং। রান আউটের শুটিং শেষ করেই শুরু করবেন পদ্ম পাতার জলের শুটিং।

রান আউট চলচ্চিত্রের সবগুলো গানই গেয়েছে তন্ময়ের ব্যান্ড ভাংকিংস। গানগুলো নিয়ে একটি অ্যালবাম বের করবেন তারা। অ্যালবামটি কোরবানি ঈদের পর বাজারে আসবে। এর মধ্যেই ছয়টি গানের রেকর্ডিং শেষ করেছেন ভাইকিংস সদস্যরা। তাদের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন কণা।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তন্ময় বলেন, “চলচ্চিত্র নির্মাণে তাড়াহুড়ো করতে চাই না। ভালো গল্প, ইউনিট নিয়ে ধীরেসুস্থে কাজ করব। দর্শককে ভালো কিছু উপহার দেব।”