২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধৈর্য ঐশ্বরিয়া

একজন সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউডি অভিনেত্রী হিসেবে ঐশ্বরিয়া কেবল তারকাখ্যাতির সুফলই উপভোগ করেন না; মাঝেমধ্যে তাকে পড়তে হয় খ্যাতির বিড়ম্বনাতেও। তেমনই এক বিব্রতকর পরিস্থিতিতে এবার পড়তে হয়েছে ঐশ্বরিয়াকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 06:37 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

ভক্তদের ভিড়ে টাল সামলাতে না পেরে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

সম্প্রতি একটি অলংকারের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ভক্তদের উপচেপড়া ভিড় সামলাতে না পেরে শেষমেশ রেগেমেগে বাড়ি ফিরেছেন তিনি।

ভারতের একটি জনপ্রিয় অলঙ্কার নির্মাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাঞ্জাবের লুধিয়ানায় নতুন একটি দোকানের উদ্বোধন করতে গিয়েছিলেন ঐশ্বরিয়া। প্রিয় অভিনেত্রীকে এক নজর দেখার জন্য তখন দোকানটির সামনে ছিল ভক্তদের উপচেপড়া ভিড়।

ওই অবস্থায় ভক্তদের ধাক্কাধাক্কির মধ্যে টাল সামলাতে না পেরে হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার অবস্থা হয় ঐশ্বরিয়ার। ফলে এতটাই ক্ষুব্ধ হন তিনি, যে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই ফিরে যান ওই সাবেক বিশ্ব সুন্দরী।

তবে এরই মধ্যে এক ফাঁকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঐশ্বরিয়া বলেন, “লুধিয়ানাতে এটা আমার প্রথম সফর। এখানকার মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।” 

শোরুমে প্রবেশের আগে লুধিয়ানার ভক্তদের উদ্দেশ্যে ঐশ্বরিয়া বলেন, “আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে। সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।”