২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পাচ্ছে উধাও

চলচ্চিত্র ‘উধাও’ মুক্তি পাচ্ছে ৪ অক্টোবর। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন অমিত আশরাফ। এতে অভিনয় করেছেন অনিমেষ আইচ, ঋতু সাত্তার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, শাকিল আহমেদ প্রমুখ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 03:13 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টারে এর উদ্বোধনী শো এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানান হয় ৪ অক্টোবর থেকে স্টার সিনেপ্লেক্সে ও বলাকা সিনে ওয়ার্ল্ডে প্রদর্শিত হবে সিনেমাটি।

এ বিষয়ে অমিত আশরাফ জানান, সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে  ঢাকা শহর থেকে মানুষের উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে। শহরে প্রায়ই গা ঢাকা দেয় কিছু মানুষ। আবার এমন মানুষও আছে এই শহরে, যারা এসব গা ঢাকা দেওয়া মানুষকে খুঁজে বের করে ফেরত নিয়ে যায় তাদের পরিবারের কাছে। বিনিময়ে পায় নগদ টাকা। স্কুলভ্যানচালক বাবু সে রকমই একজন। একদিন বাবু শহরের একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তিকে অপহরণ করে। এখান থেকেই শুরু হয় ড্রামা-থ্রিলার ধাঁচের চলচ্চিত্র ‘উধাও’-এর কাহিনি।

নিউইয়র্ক ইউনিভার্সিটি ফিল্ম স্কুলের স্নাতক অমিত তার উধাও সিনেমার কাজ শুরু করেছিলেন ২০০৯ সালে। পুরো সিনেমার শুটিং শেষ করতে বছর দেড়েক সময় লেগেছে তার। এরপর শুটিংপরবর্তী কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। গত এক বছরে সিনেমাটি ২০টি আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে। এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এটি।