২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনরূপে প্রাচী

গতানুগতিক ধারার বাইরে এবার নিরীক্ষাধর্মী চরিত্রে অভিনয় করবেন রোকেয়া প্রাচী।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 03:57 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

এ প্রসঙ্গে প্রাচী গ্লিটজকে বলেন, “একই ধারার চরিত্রে আর কত ! হাঁপিয়ে উঠেছি। নিজের চরিত্র নিয়ে এবার পরীক্ষা নিরীক্ষা করতে চাই। এখন থেকে আমাকে শুধুই নিরীক্ষাধর্মী চরিত্রে দেখবেন দর্শক।”

তিনি আরও বলেন ,“গল্প ও চরিত্রের প্রয়োজনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। কখনও আটপৌরে গৃহবধূ, কখনও স্নেহময়ী মা, আবার কখনও প্রতিবাদী চরিত্রে। একই ধারার চরিত্রে অভিনয় করতে চাই না।”

প্রাচী জানালেন তার সাম্প্রতিক ব্যস্ততার খবর। তিনি অভিনয় করছেন মাহমুদ দিদারের ‘নারী’ এবং ‘ এ কেমন শহরে এসে তুমি দাঁড়ালে’ নাটকে।

‘নারী’ নাটকে তার ভূমিকা একজন প্রতারকের। তার চরিত্রের নাম সারাহ্। এক জ্যোতিষিকে নিয়ে তিনি ব্যবসা পেতে বসেন। তার খপ্পরে পড়ে সাধারণ মানুষ সর্বস্ব হারায়। প্রশাসনের সুবিধাভোগী মানুষগুলোকে মোটা অঙ্কের টাকা মাসোহারা দিয়ে ব্যবসার জাল বিস্তার করে সে। ‘এ কেমন শহরে এসে তুমি দাঁড়ালে’ নাটকে তিনি অভিনয় করেছেন একজন নাট্য পরিচালকের ভূমিকায়। এক নারী পরিচালকের স্বপ্ন, স্বপ্ন বাস্তবায়নের পথে নানা প্রতিকূলতার গল্পে প্রাচীকে অন্য ভূমিকায় দেখবে দর্শক।

আসছে ঈদে চ্যানেল আইয়ের জন্য প্রাচী নির্মাণ করেছেন নাটক ‘আমিরুলের অপেক্ষা।’ এক ঘণ্টার এ নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। এ নাটকে দেখা যাবে, মুক্তিযুদ্ধে নিঁখোজ বাবাকে খুঁজতে ঢাকা আসেন প্রাচী। কোথায় গেলে বাবার দেখা মিলবে-- একই প্রশ্ন নিয়ে সারাবেলা ঘুরে বেড়ান প্রাচী। ঘটনাচক্রে আমিরুল নামে একজনের দেখা পান তিনি। আমিরুল হয়ে ওঠে তার ভরসা। গল্পের শেষে আমিরুলের জন্য অপেক্ষা করেন তিনি।

সিনেমা প্রসঙ্গে প্রাচী জানালেন, আগামী বছরের শেষে চলচ্চিত্র নির্মাণ শুরু করবেন। গল্পের চিত্রনাট্য ,পরিচালনা সবকিছুতেই নতুনত্বের ছাপ রাখবেন। নির্মাণের প্রাক প্রস্তুতি চলছে। আগামী বছর মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই পুরোদমে কাজ শুরু করবেন রোকেয়া প্রাচী।