‘বেশরম’ রণবীরের পরামর্শ!
ব্যক্তিগত জীবনে লাজুক হলেও ক্যামেরার সামনে তিনি সত্যিকার অর্থেই ‘বেশরম’- এমনটাই জানিয়েছেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি লন্ডনে নতুন সিনেমা ‘বেশরম’ নিয়ে প্রচারণা চালাতে গিয়ে এমন কথা বলেন রণবীর।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, লন্ডনে ‘বেশরম’ নিয়ে প্রচরণায় রণবীর বলেন, “লন্ডন অনেকটা আমার নিজের বাড়ির মতোই। ছোটবেলা থেকে অনেকবার লন্ডনে এসেছি আমি। আমাদের সিনেমাগুলোর বড় বাজার লন্ডন।”
রণবীর নিজের সম্পর্কে বলেন, “ব্যক্তিগত জীবনে আমি আসলে লাজুক প্রকৃতির। কিন্তু ক্যামেরার সামনে নিজেকে বদলে দেই। একজন অভিনেতার জন্য ক্যামেরার সামনে ‘বেশরম’ হওয়া খুবই জরুরি। অন্যথায় দর্শকদের সামনে চরিত্রটি ফুটিয়ে তোলা কঠিন কাজ।”
২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বেশরম’। সিনেমাটিতে প্রথমবারের মতো বাবা ঋষি কাপুর আর মা নিতু কাপুরের সঙ্গে অভিনয় করেছেন রণবীর।
