ভারতে পার্থ, সামিনা, ফাহমিদা, বাপ্পার কনসার্ট
ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর আমন্ত্রণে সাত সদস্যের দল নিয়ে ভারত সফরে যাচ্ছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া।
দলের অন্য সদস্যরা হলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা চৌধুরী, বাপ্পা মজুমদার এবং আরও তিনজন যন্ত্রশিল্পী। তারা ভারতের ভুবনেশ্বর, পাটনা ও বেনারসে তিনটি কনসার্ট করবেন ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর।
এ বিষয়ে সামিনা চৌধুরী গ্লিটজকে বলেন, “আমরা ২৫ সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা দেব। ওখানে আমাদের নিজস্ব গানই গাইব। আশা করছি চমৎকার একটা সফর হবে।”
তিনি আরও বলেন , “ফাহমিদা, বাপ্পা এখন আমেরিকায় আছেন। ওরা আজ রওনা দেবেন দেশের পথে। ওরা এলে আমাদের যাওয়ার প্রস্তুতি শুরু হবে।”
দলটি ২৭ সেপ্টেম্বর ভুবনেশ্বর, ৩০ সেপ্টেম্বর পাটনা এবং ৩ অক্টোবর বারানসিতে কনসার্ট শেষে ৫ অক্টোবর দেশে ফিরবে বলে জানায় আইসিসিআর।
