জ্যাকির থিম পার্ক
এখনও শেষ হয়নি সাংহাইয়ে মিউজিয়ামের নির্মাণ কাজ। এর মধ্যেই বেইজিংয়ে নিজের নামে থিম পার্ক বানানোর ঘোষণা দিলেন চাইনিজ অ্যাকশন হিরো জ্যাকি চ্যান। হলিউড রিপোর্টার জানিয়েছে, বেইজিংয়ের ইচুয়াং শহরতলীতে তৈরি হবে থিমপার্কটি।
হলিউড রিপোর্টার জানিয়েছে, দুই কিলোমিটার দৈর্ঘ্যরে থিমপার্কটিতে দর্শনার্থী আর ভক্তদের জন্য থাকবে জ্যাকি চ্যানের ব্যবহৃত বিভিন্ন আসবাব এবং ব্যক্তিগত জিনিস।
থিমপার্কটি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্যাকি বলেন, “ছোটবেলায় আমি গরিব ছিলাম। পরে যখন আমার অর্থের অভাব মিটল, আমি তখন বিশ্ব ঘুরে নানা জিনিস কিনেছি। আমি আমার সেসব জিনিস সবাইকে দেখাতে চাই। হয়তো জিনিসগুলোর দাম বেশি নয়। কিন্তু এর সবগুলোর সঙ্গেই জড়িয়ে আছে কোনো না কোনো গল্প।”
জ্যাকি চ্যানের সংগ্রহে রয়েছে চন্দন কাঠের তৈরি কয়েকটি প্রাচীন দালানের রেপ্লিকা, থিম পার্কটিতে সেগুলোও প্রদর্শিত হবে। সম্প্রতি রেপ্লিকাগুলোর কয়েকটি সিঙ্গাপুর ইউনিভার্সিটিকে দান করে সমালোচনার মুখে পড়েছিলেন চ্যান।
