রাজকুমারের সিনেমায় অনিল
বলিউডি পরিচালক রাজকুমার সন্তোষীর সিনেমায় নায়ক হতে যাচ্ছেন অনিল কাপুর। রাজকুমার সম্প্রতি তার পরবর্তী সিনেমার বিষয়ে জানান যে এটির কেন্দ্রীয় চরিত্র একজন ৫৫ বছরের পুরুষের। আর ওই চরিত্রতে অভিনয় করবেন অনিল কাপুর।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, কিছুদিন আগেই আলোচিত কমেডি সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’-এর সিকুয়েলের খবরটিকে গুজব হিসেবেই দাবি করেন রাজকুমার সন্তোষী। আর এরপরই তিনি তার পরবর্তী সিনেমার বিষয়ে মুখ খোলেন।
তিনি জানালেন লাহরের একটি হিন্দু এবং একটি মুসলিম পরিবারের কাহিনি নিয়েই নির্মিত হবে তার পরবর্তী সিনেমা।
‘জিস লাহোর নেহি দেখা হো জামিয়া নেহি’ নামের মঞ্চ নাটকের কাহিনি অবলম্বনে নির্মিতব্য সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর। তবে এখনও অনিলের বিপরীতে নারী চরিত্রের অভিনেত্রীকে চূড়ান্ত করা হয়নি। তবে সন্তোষী জানিয়েছেন এ বছরের ডিসেম্বরেই সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।
