বাবু দারুণ ব্যস্ত
বর্তমানে দারুণ ব্যস্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদ উপলক্ষে আটটি নাটকে অভিনয় করছেন তিনি। এ মাসেই শুরু হবে ‘একাত্তরের ক্ষুদিরাম’ সিনেমার কাজ। এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
আটটি নাটকের একটি ‘সিঁদেল চোর।’ শামীম জামানের পরিচালনায় এ নাটকে তিনি অভিনয় করেছেন দুর্ধর্ষ সিঁদেল চোরের ভূমিকায়।
নাটকের চরিত্র প্রসঙ্গে বাবু গ্লিটজকে বলেন, “গ্রামের বাড়িতে নৈশ প্রহরীর চাকরি পেয়েছেন বাবু। কেউ জানে না বেশভূষায় সরল-সিধা বাবু আসলে একজন দুর্ধর্ষ চোর। রাত নামতেই ভোল পাল্টে বাবু হয়ে ওঠেন দুর্ধর্ষ সিঁদেল চোর। গ্রামের চোরদের নিয়ে সে গড়ে তোলেন ভয়ংকর এক বাহিনী। এই বাহিনীর অত্যাচারে পুরো গ্রাম অতিষ্ট। একদিন দলবল নিয়ে পরিকল্পনা করেন খোদ মালিকের বাড়িতেই সিঁদ কাটার। এই চুরি নিয়েই ঘটে মজার কাহিনি। ”
বাবু আরও অভিনয় করেছেন রেজাউর রহমানের ‘বাদ্য বাজনা’, নাজিম উদ্দিন রাজুর ‘করিমের হানিমুন’, শাহনেওয়াজ কাকলীর ‘লিফটম্যান’ ও মাহফুজ আহমেদের ‘বুনো চালতার গাঁয়’ নাটকে।
‘বাদ্য বাজনা’ নাটকের গল্পে বাবু অভিনয় করেছেন ব্যান্ড পার্টির এক সদস্যের ভূমিকায়। চ্যালেঞ্জিং এই চরিত্র নিয়ে বাবু জানালেন, গ্রামীণ বিনোদনের অন্যতম মাধ্যম এই ব্যান্ড পার্টি। যে কোনো আচার-অনুষ্ঠানে তাদের ডাক পড়ে। যন্ত্রের সুরে তারা মাতিয়ে রাখেন। অথচ তাদের জীবনধারা নিয়ে কেউ খবর রাখে না। অনেক অভিমান-ক্ষোভ পুষে রেখেই তারা নীরবে বিনোদন দিয়ে যাচ্ছেন। এ নাটকে বাবু ফুটিয়ে তুলবেন, ব্যান্ডদলের নানা অজানা গল্প। ‘করিমের হানিমুন’ নাটকে বন্যা মির্জার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন বাবু। ‘বুনো চালতার গাঁয়’ নাটকে বাবু অভিনয় করেছেন পীরের ভূমিকায়।
সিনেমায় অভিনয় প্রসঙ্গে বাবু জানালেন, মান্নান হীরার পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত ‘একাত্তরের ক্ষুদিরাম’ সিনেমায় অভিনয় করবেন। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
গান নিয়ে কী ভাবছেন- এ প্রশ্নের জবাবে বাবু জানান, এই মূহূর্তে গান নিয়ে কোনো ভাবনা নেই।
