ঈদের পাঁচ নাটকে নিশা
ঈদ উপলক্ষে পাঁচটি নাটকে অভিনয় করেছেন লাক্স তারকা নিশা। নিশা অভিনয় করেছেন বদরুল আনাম সৌদের ‘অন্দরমহল’, শ্রাবণী ফেরদৌসের ‘হঠাৎ বিরতি’, মীর সাব্বিরের ‘নোয়াশাল’, হিমেল আশরাফের ‘গপ্প’ নাটকে। এর মধ্যে ‘হঠাৎ বিরতি’ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
‘হঠাৎ বিরতি’ প্রসঙ্গে নিশা গ্লিটজকে বলেন, “এ নাটকে আমার চরিত্রের নাম মৌমিতা। এক বিকালে সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে সে হাসপাতালে নিয়ে যায়। তরুণটি সেরে উঠে খুঁজে ফেরে মৌমিতাকে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মৌমিতার হদিস দিতে পারে না। তরুণটি নিরাশ হয়ে ফিরে যায়। মৌমিতা জানতে পারে, ছেলেটি সুস্থ হয়ে বাড়ি চলে গেছে।
এদিকে মৌমিতার বিয়ে ঠিক হয়। বিয়ে নিয়ে ঘটে নানা ঘটনা। বিয়ের দিনই এক বন্ধু জানায় সেই তরুণের খবর। মৌমিতা বন্ধু মারফত জানতে পারে তরুণের ঠিকানা। দীর্ঘ বিরতির পর আবার দেখা হয় দুজনের। দুজনেই দারুণ বন্ধু হয়ে ওঠে। একদিন তারা অনুভব করে তারা প্রেমে পড়েছে। শেষে বিয়ের আসর থেকে মৌমিতা ছুটে যায় তার মনের মানুষের কাছে। ”
এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব।
মীর সাব্বিরের ‘নোয়াশাল’ নাটকের জন্য নোয়াখালীর আঞ্চলিক ভাষা রপ্ত করেছেন নিশা। বদরুল আনাম সৌদের ‘অন্দরমহল’ নাটকে বিয়ে বহির্ভূত এক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ নাটকে তার বিপরীতে আছেন জিতু আহসান।
নিশা জানালেন , খুব শীঘ্রই তার অভিনীত প্রাণ ম্যাঙ্গো জুসের একটি বিজ্ঞাপন প্রচারিত হবে।
নাটকের সাফল্যে সিনেমার অফার পাচ্ছেন নিয়মিত। শুধু ব্যাটে বলে হচ্ছে না বলেই পরিচালকদের ফিরিয়ে দিচ্ছেন বারবার।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী নিশা জানালেন, মিডিয়ার ব্যস্ততা কমিয়ে দিয়ে তিনি এবার বইয়ের ভুবনে ডুব দেবেন। গ্রাজুয়েশনের এক বছর বাকি। শেষ বছরটি ক্লাসে-ল্যাবে নিয়মিত হতে চান তিনি।
